
শেষখবর ডেস্ক :দেশের প্রায় ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস, কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা এবং শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে সোমবার (৯ মার্চ) ২০২৬ ইং তারিখ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই নির্মাণ শ্রমিক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আমিরুল হক আমিন, শেখ আনোয়ার হোসাইন, আ স ম জাকারিয়া, ইসমাইল হোসেন, মোঃ ইসরাফিল হোসেন, আব্দুর রহিম, শফিক আলী, মোঃ হুমায়ুন কবির, মনিরা মুন্নি, মোঃ সানি, সুরাইয়া জেসমিন রুমা, সুতী সুলতানা, মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য বিলাসবহুল বহুতল ভবন, রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ, সেতু ও মার্কেট নির্মাণ করে যাচ্ছেন। তাদের ঘাম, শ্রম ও ত্যাগের ওপরই দেশের উন্নয়ন দাঁড়িয়ে আছে।
তারা আরও বলেন, শ্রম আইন অনুযায়ী ঈদ বোনাস পাওয়ার অধিকার থাকলেও অধিকাংশ নির্মাণ শ্রমিকই এই সুবিধা থেকে বঞ্চিত হন। ঈদ এলেও শ্রমিকদের ঘরে আনন্দের ছোঁয়া পৌঁছায় না। অনেক ক্ষেত্রে নিরাপত্তা সরঞ্জাম যেমন হেলমেট, সেফটি বেল্ট ও গ্লাভস ছাড়াই ঝুঁকিপূর্ণ উচ্চতায় কাজ করতে বাধ্য করা হয়, ফলে দুর্ঘটনার ঝুঁকি সবসময় থেকেই যায়।
বক্তারা অভিযোগ করেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের স্থায়ী পরিচয়ের জন্য নিয়োগপত্র প্রদান বাধ্যতামূলক হলেও বাস্তবে অনেক নির্মাণ শ্রমিকই নিয়োগপত্র থেকে বঞ্চিত থাকেন।
মানববন্ধন থেকে বক্তারা আসন্ন ঈদের আগেই দেশের ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রম আইন অনুযায়ী সকল নির্মাণ শ্রমিককে নিয়োগপত্র প্রদানের জন্য মালিকপক্ষ ও সরকারের প্রতি জোর দাবি জানান।
এ সময় বক্তারা “নিরাপত্তাই প্রথম (Safety First)” নীতিতে প্রতিটি নির্মাণ শ্রমিকের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
Leave a Reply