
শেষখবর ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ, যার লক্ষ্য ছিল পুরোনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। তবে পুরোনো ব্যবস্থার সুবিধাভোগীরা আবারও দুর্নীতিগ্রস্ত ও বৈষম্যমূলক কাঠামো ফিরিয়ে আনতে নির্বাচনের মাঠে সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রোববার রাতে জাতির উদ্দেশে দেওয়া নির্বাচনী ভাষণে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি দাবি করেন, বিগত ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুম, হত্যা ও নির্যাতন চালানো হয়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সংস্থাকে এসব কাজে ব্যবহার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পর বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিদের একটি অংশ সেনানিবাসে আশ্রয় নেওয়া এবং দেশত্যাগের ঘটনায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হলেও কার্যকর ভূমিকা দেখা যায়নি।’
ব্যাংক ও উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাট প্রসঙ্গে তিনি বলেন, বিগত শাসনামলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার বা প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এনসিপি সরকার গঠন করতে পারলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং জড়িতদের সম্পদ বাজেয়াপ্ত করে ‘পাবলিক ট্রাস্ট’-এর অধীনে আনা হবে।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছর দেশের কূটনৈতিক কার্যক্রম ভারতকেন্দ্রিক ছিল। সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় সরকার কার্যকর অবস্থান নেয়নি বলে তিনি অভিযোগ করেন। এনসিপি ক্ষমতায় এলে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং সার্ক পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
প্রতিরক্ষা খাত আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বাহিনী পুনর্গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন নাহিদ ইসলাম। ১৮ বছর ঊর্ধ্ব সক্ষম তরুণ-তরুণীদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পুলিশ সংস্কার প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট ভেঙে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। পুলিশ বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হবে এবং গত ১৫ বছরে হত্যা, জুলুম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। বিচারহীনতার সংস্কৃতি দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠাই এনসিপির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
Leave a Reply